নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত চেকপোস্ট থেকে দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ডিবির সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় বরিশালমুখী যাত্রীবাহী বিএমএফ পরিবহন থেকে নামার সময় ঝুলন চক্রবর্তী (২৭) ও মোছা. কহিনুর বেগম (৩৫) নামে দুই যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ঝুলন চক্রবর্তী ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকার বাসিন্দা। অপর আটক কহিনুর বেগমের স্থায়ী ঠিকানা বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের টেপুরা এলাকায় এবং বর্তমানে তিনি বরিশাল নগরের বন্দর থানাধীন দুর্গাপুর এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, আটক দুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানে নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. হেলালুজ্জামান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের সার্বিক দিকনির্দেশনায় নগরীতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট পরিচালনা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
https://slotbet.online/