নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সূচনা বেগম (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে নগরীর হকার্স মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল জেলা কার্যালয়ের ক সার্কেলের একটি অভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের হকার্স মার্কেট এলাকায় মো. সোহরাবের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটির ভাড়াটিয়া সূচনা বেগমের বসতঘরের দ্বিতীয় তলায় থাকা একটি প্লাস্টিকের ওয়ারড্রপের ওপরের ড্রয়ার থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক চারটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ১৯০ পিস করে মোট ৭৬০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৭৬ গ্রাম। গ্রেপ্তারকৃত সূচনা বেগম বরিশাল নগরীর হকার্স মার্কেট এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামীর নাম মামুন হাওলাদার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের ক সার্কেলের উপপরিদর্শক মো. জসীম উদ্দীন বাদী হয়ে সূচনা বেগমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আগামীতেও চলমান থাকবে।
https://slotbet.online/