• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কাউনিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১ ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ। বরিশালে ৯৬০ পিছ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, শহরজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার। বরিশাল কাউনিয়ায় ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজন আটক। বরিশাল আদালত প্রাঙ্গণের সামনে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক। খাগড়াছড়িতে ধাওয়া করে বিজিবির অস্ত্র ও পাঁচ কোটি টাকার মাদক জব্দ, ভেস্তে গেল পালানোর চেষ্টা! রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার।

ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ।

প্রতিনিধি / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বরিশাল প্রতিনিধি
সেনাবাহিনীর মেস ও সিএমএইচ হাসপাতালে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত ২১ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নুসরাত জান্নাত লাবনী নামে এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, লাবনী নিজেকে লেবুখালী সেনানিবাসের ‘মেডিকেল ক্যাপ্টেন’ পরিচয় দিয়ে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করতেন। এ প্রতারণায় তার সঙ্গে একটি সংঘবদ্ধ দালালচক্রও কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য ও মামলার নথি সূত্রে জানা যায়, চাকরির বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চক্রটি বিভিন্ন কৌশল অবলম্বন করত। চাকরিপ্রার্থীদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভাইভা ও নিয়োগ প্রক্রিয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া এবং সেনাবাহিনীর রেশনের মালামাল হিসেবে পরিচয় দিয়ে বাইরে থেকে পণ্য কিনে পাঠানো হতো। এমনকি চাকরি নিশ্চিত হয়েছে এমন বিশ্বাস তৈরি করতে কয়েকজনকে এক থেকে দুই মাস ভুয়া বেতনও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, চক্রটির মাধ্যমে রূপাতলীর জুলেখা বেগমের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা এবং সালমার কাছ থেকে ৪০ হাজার টাকাসহ অন্তত ২১ জনের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের দাবি, চাকরি দেওয়ার নামে নেওয়া অর্থের মোট পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।
অনুসন্ধানে আরও জানা গেছে, লাবনী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের নাসির উদ্দিনের মেয়ে এবং একজন সরকারি সৈনিকের স্ত্রী। তবে প্রতারণার সময় নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, টিকটকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভন দেখানো এবং কাবিনের টাকা নেওয়ার ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ পর্যন্ত অন্তত ছয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় লাবনীর সহযোগী হিসেবে মর্জিনা, মিনু, আপেল, মনিকা ও সোহেলের নামও উঠে এসেছে। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ, টাকা সংগ্রহ এবং বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সহযোগিতা করতেন।
একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তাদের উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে কোনো সমাধান না পেয়ে তারা বরিশালের আদালতের দ্বারস্থ হন।
এ ঘটনায় বরিশাল আদালতে কোতোয়ালি থানার অধীন সিআর-১৩৬৯/২০২৬ ও সিআর-১৩৭০/২০২৬ নম্বরে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, গত ৮ জুলাই ২০২৬ আদালত মামলা দুটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।
এদিকে মামলা ও অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত লাবনী এবং তার সহযোগী হিসেবে অভিযুক্ত মর্জিনা ও মিনু বরিশাল থেকে আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তাদের কাছে কথোপকথনের অডিও, ভিডিওসহ প্রতারণার বিভিন্ন তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন তারা।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত নারী নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকলে বিষয়টি সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা জরুরি। এ কারণে তারা শিগগিরই লেবুখালী সেনানিবাসের সংশ্লিষ্ট কমান্ডিং অফিসারের (সিও) কাছে লিখিতভাবে অভিযোগ ও প্রমাণাদি তুলে ধরে বিচার দাবি করবেন।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত নুসরাত জান্নাত লাবনী ও তার কথিত সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করলে অভিযোগগুলোর সত্যতা, ভুয়া পরিচয়পত্র ও ব্যাংক হিসাব ব্যবহারের বিষয় এবং অর্থ লেনদেনের প্রকৃত পরিমাণ সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/